মে ১৩, ২০২৬, ১০:১৭ পিএম
সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদ থেকে পদত্যাগ করেছেন আঞ্জুমান আরা লিমা। বুধবার (১৩ মে) পারিবারিক কারণ দেখিয়ে তিনি অ্যাটর্নি জেনারেল বরাবর নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন।পদত্যাগপত্রে আঞ্জুমান আরা লিমা উল্লেখ করেন, ২০২৪ সালের ২৪ আগস্ট তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন।
আগামী ১৫ মে থেকে কার্যকরভাবে তিনি এই পদ থেকে অব্যাহতি নিতে ইচ্ছুক। চিঠিতে তিনি তার দায়িত্ব পালনকালকে অত্যন্ত গৌরব ও মর্যাদার বলে অভিহিত করেছেন। বিচার প্রশাসনে অবদান রাখা ও রাষ্ট্রের সেবা করার সুযোগ পাওয়ায় তিনি অ্যাটর্নি জেনারেলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্যক্তিগত কারণ প্রসঙ্গে তিনি চিঠিতে লিখেছেন, বিদেশে ক্রমবর্ধমান পারিবারিক দায়বদ্ধতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দায়িত্বের কারণে তার পক্ষে নিয়মিত অফিসে উপস্থিত থাকা ও সময় প্রদান করা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতি বিবেচনা করেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়াকে সমীচীন মনে করছেন।
আঞ্জুমান আরা লিমা তার কর্মকালীন সময়ে অ্যাটর্নি জেনারেল দপ্তরের সকল সহকর্মীদের সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি আরও উল্লেখ করেন যে, এই দায়িত্ব পালনের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও পেশাগত সম্পর্ক তার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, আঞ্জুমান আরা লিমা গত বছর আগস্টে বর্তমান সরকারের অধীনে এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক দপ্তরে নিয়োগ পেয়েছিলেন। বুধবার সন্ধ্যায় তার পদত্যাগের বিষয়টি জানাজানি হয়। আগামী শুক্রবার (১৫ মে) থেকে তার এই পদত্যাগপত্রটি কার্যকর হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন