রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই গণহত্যায় হাসানুল হক ইনুর মামলার রায় যেকোনো দিন

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৪, ২০২৬, ০২:০৫ পিএম

জুলাই গণহত্যায় হাসানুল হক ইনুর মামলার রায় যেকোনো দিন

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই বিপ্লবে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার রায় যেকোনো দিন ঘোষণার জন্য অপেক্ষামাণ রেখেছে। এদিন দুপুর ১২টার দিকে ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। এর আগে মামলাটিতে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

আদালত সূত্রে জানা গেছে, গত বুধবার (১৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষের হয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। অন্যদিকে ইনুর পক্ষে যুক্তিতর্ক শেষ করেন তার আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। আসামিপক্ষ মোট ৯ দিন নিজেদের যুক্তি উপস্থাপন করে। শুনানিতে আসামির পক্ষে বিভিন্ন আইনি দিক তুলে ধরা হয়।

আইনজীবী মুনসুরুল হক চৌধুরী দাবি করেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসানুল হক ইনু সংসদ সদস্য ছিলেন না। কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি উল্লেখ করেন। মামলার সাক্ষীরাও স্বীকার করেছেন যে হত্যাকাণ্ডের সময় তিনি কুষ্টিয়ায় উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২ এপ্রিল আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হয়েছিল। পরবর্তীতে প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম ও আবদুস সোবহান তরফদারসহ অন্যরা।