মে ১৭, ২০২৬, ০৪:১৭ পিএম
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। আজ রোববার (১৭ মে) এ বিষয়ে আদালতে দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য আগামী বৃহস্পতিবার (২১ মে) দিন ধার্য করেছেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ট আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ।অন্যদিকে রাষ্ট্রপক্ষে এই রিটের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে আইনজীবী এম কে রহমান জানান, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের তদন্ত চেয়ে এই রিট করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ওই সময়ে দেশের অর্থনীতি, স্বাস্থ্যসহ প্রায় সব ক্ষেত্রে এক ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এ কারণে `কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট` অনুযায়ী একটি শক্তিশালী তদন্ত কমিশন গঠন করা এখন সময়ের দাবি।
ভবিষ্যতে যেন কোনো নির্বাচিত সরকারকে এসে কেউ অনায়াসে উৎখাত করতে না পারে, সেটি নিশ্চিত করতেই মূলত এই রিট করা হয়েছে বলে তিনি জানান। হাইকোর্ট বেঞ্চ আজ সব পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন রেখেছেন।
রিটকারী আইনজীবী মহসিন রশীদ ব্রিফিংয়ে জানান, তারা ওই সরকারের সময়ে ঘটে যাওয়া সবকিছুর সুনির্দিষ্ট তদন্ত চেয়েছেন। তদন্তের পুরো প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হবে, তা চূড়ান্তভাবে বর্তমান সরকারই নির্ধারণ করবে। রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশনা বা ইনস্ট্রাকশন নেওয়ার জন্য সময় চেয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন