রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করায় হাইকোর্টের বিস্ময়

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২০, ২০২৬, ১২:০০ পিএম

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করায় হাইকোর্টের বিস্ময়

আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তির আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা হয়েছে। সরকারের এই পদক্ষেপে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। আজ বুধবার সকালে আইনজীবী শিশির মনির গণমাধ্যমকে এই তথ্য জানান।সকালে বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে বিলুপ্তির প্রজ্ঞাপন উপস্থাপন করা হলে আদালত রাষ্ট্রপক্ষকে প্রশ্ন করেন, এটি কীভাবে সম্ভব?

পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে রিট করেছিলেন আইনজীবী শিশির মনির। তার মতে, চূড়ান্ত ফয়সালার আগেই কার্যক্রম বিলুপ্ত করে সরকার সরাসরি আদালত অবমাননা করেছে। বৃহস্পতিবার সরকারের বিরুদ্ধে তিনি নিজেই এই অবমাননার আবেদন করবেন। 

এই আকস্মিক পদক্ষেপে বহির্বিশ্বে বাংলাদেশের বিচার বিভাগের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন তিনি।এর আগে মঙ্গলবার সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করে সেখানে কর্মরত ১৫ জন বিচারককে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করতে অন্তর্বর্তী সরকার ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছিল। পরে বিএনপি সরকার এসে সেটি বাতিল করে দেয়। এরপর বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত এক রায়ে হাইকোর্ট তিন মাসের মধ্যে সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেন। 

আদালত সে সময় আশা প্রকাশ করেছিলেন, চূড়ান্ত নিষ্পত্তির আগে যেন সচিবালয়ের কার্যক্রম কোনোভাবেই বন্ধ না হয়। রাষ্ট্রপক্ষ এখনো ওই রায়ের বিরুদ্ধে কোনো আপিল করেনি।