জুন ৭, ২০২৬, ১১:৫৬ এএম
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বেলা ১১টা ৩৮ মিনিটে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এই রায় ঘোষণা করেন।দ্রুততম সময়ে বিচার শেষ হলো।
ঘটনার মাত্র ২০ দিনের মাথায় এই রায় ঘোষণা করা হলো, যা বিচার বিভাগে একটি অনন্য দৃষ্টান্ত। মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে কারাগার থেকে আদালতে আনা হয়। আজ বেলা ১১টার কিছু পরে বিচারক রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে আট বছরের শিশুটির খণ্ডিত দেহ উদ্ধার করে পুলিশ। ওই ফ্ল্যাটে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দিতে তিনি স্বীকার করেন, শিশুটিকে ফুঁসলিয়ে বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে মুখ চেপে ধরা হয় এবং পরে তাকে হত্যা করে মরদেহ খণ্ড-বিখণ্ড করা হয়। আলামত নষ্ট করার জন্য মাথা ও হাত বিচ্ছিন্ন করে ফেলেন তিনি। ঘটনার সময় শিশুটির মা তাকে খুঁজছিলেন এবং দরজার বাইরে জুতা দেখতে পান।পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ভূঁইয়া ঘটনার মাত্র পাঁচ দিনের মাথায় ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
১ জুন মামলার অভিযোগ গঠন করা হয়। মামলাটিতে ১৭ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মাত্র চার কার্যদিবসে মামলার সব শুনানি ও যুক্তিতর্ক শেষ করে আজ রায়ের দিন ধার্য ছিল। ট্রাইব্যুনালের ছুটি বাতিল করে বিচারকাজ দ্রুত শেষ করা হয়েছে। আদালতে সোহেল রানা তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করলেও স্ত্রী স্বপ্না নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। আজ চূড়ান্ত রায়ে দুই আসামিকে সর্বোচ্চ শাস্তির আদেশ দিলেন আদালত।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন