জুন ৭, ২০২৬, ১২:৪৯ পিএম
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ উচ্চ আদালতে বহাল থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।শিশু রামিসার বিচারপ্রক্রিয়া মাত্র ছয় কার্যদিবসে শেষ হয়েছে।
আইনমন্ত্রী জানান, কোনো মামলার বিচার কত দিনের মধ্যে শেষ করতে হবে, আইনে এমন সুনির্দিষ্ট সময়সীমার বিধান নেই। তবে বিচারব্যবস্থাকে গতিশীল রাখতে সবসময় চেষ্টা চলছে। তিনি উল্লেখ করেন, হাইকোর্টে মামলার নথি পৌঁছালে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে। সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ এবং এ ধরনের জঘন্য অপরাধের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ রোববার বেলা ১১টা ৩৮ মিনিটে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড ঘোষণা করেন।
এই মামলার সব আইনি ধাপ অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে। আইনমন্ত্রী মনে করেন, এই রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন সমুন্নত থাকবে এবং ভবিষ্যতে উচ্চতর আদালতে এটি বহাল থাকবে।তিনি আরও বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে এবং রাষ্ট্রপক্ষ যথাযথ সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের মাধ্যমে অপরাধীদের বিচারের মুখোমুখি করেছে।
রায় দ্রুত কার্যকরের দাবি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী সব আইনি প্রক্রিয়া সময়মতো শেষ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বিচারব্যবস্থায় এমন দ্রুত বিচার জনমনে স্বস্তি ফিরিয়ে আনবে বলে তিনি মন্তব্য করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন