বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

তনু হত্যা মামলা: দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৯:৫৯ পিএম

তনু হত্যা মামলা: দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন কুমিল্লার একটি আদালত। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারি করার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুমিনুল হক এই আদেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ব্যক্তিরা হলেন সার্জেন্ট জাহিদুজ্জামান (৪৮) এবং সৈনিক শাহীন আলম (৩৭)। হত্যাকাণ্ডের সময় জাহিদুজ্জামান কুমিল্লা সেনানিবাসে ১২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নে এবং শাহীন আলম ২ সিগন্যাল ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। অভিযুক্তদের মধ্যে শাহীন আলম বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক তরিকুল ইসলাম সম্প্রতি আদালতে এই আবেদন জানান। আবেদনপত্রে অভিযুক্তদের বিরুদ্ধে রেড নোটিশ জারির পাশাপাশি সেনাবাহিনীর কাছে তদন্ত-সংশ্লিষ্ট কোনো তথ্য থাকলে তা হস্তান্তরের অনুরোধ করা হয়।

এর আগে গত ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ থেকে সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হাফিজুর রহমান হত্যাকাণ্ডের সময় কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। সম্প্রতি ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে চারজনের নমুনা পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা।