শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বারকাতের জামিন, কারামুক্তিতে বাধা নেই

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৬, ২০২৬, ০২:৪০ পিএম

বারকাতের জামিন, কারামুক্তিতে বাধা নেই

ঢাকা সিএমএম আদালত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর নীলক্ষেতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের জামিন মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত এই আদেশ দেন। 

তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।আদালত ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাঁর এই জামিন মঞ্জুর করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রবিবার এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে জামিন চাওয়া হলে তা নামঞ্জুর হয়, যার প্রেক্ষিতে আজ পুনরায় আবেদনের পর এই সিদ্ধান্ত আসে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপককে গত ১০ জুলাই রাতে ধানমণ্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে প্রথম গ্রেপ্তার করেছিল পুলিশ। জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় পরদিন তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। গত ৭ জুন দুর্নীতি দমন কমিশনের ওই মামলায় আপিল বিভাগ থেকে নিজের পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তিনি জামিন পান। তবে কারাগার থেকে মুক্তির আগেই ডিবি পুলিশ আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নীলক্ষেত এলাকায় আন্দোলনের সময় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় তাঁর শ্যালক আব্দুর রব বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।