জুলাই ৫, ২০২৬, ০৩:২৯ পিএম
আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রোববার দুপুরে ট্রাইব্যুনালের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, দল হিসেবে তারা নানা ধরনের অপরাধ করেছে এবং আইন অনুযায়ী প্রতিটি ঘটনার বিচার করা হবে।মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
চিফ প্রসিকিউটর জানান, অভিযোগ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ ঘোষণার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, শাপলা চত্বরের ঘটনাসহ বেশ কিছু সুনির্দিষ্ট মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে। আইনি কাঠামোর ভেতরে থেকেই এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এর আগে শনিবার জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না। তিনি আরও মন্তব্য করেন যে আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে এবং তাদের রাজনৈতিকভাবে দাফন হয়ে গেছে।
আইন অনুযায়ী সব অপরাধের বিচার হবে এবং এক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই বলে ট্রাইব্যুনাল সূত্রে জানানো হয়েছে। সংশ্লিষ্ট তদন্ত সংস্থাগুলো তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ করছে। বিচার প্রক্রিয়া শেষ হলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন