জুলাই ৬, ২০২৬, ০২:১৬ পিএম
নোয়াখালীর চাটখিলে পাঁচ বছরের শিশু আসমা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় একমাত্র আসামি শাহাদাত হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। সোমবার সকালে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আকতার এই রায় ঘোষণা করেন।
নিহত আসমা চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মাওলানা মো. শাহজাহানের মেয়ে। সাজাপ্রাপ্ত শাহাদাত হোসেন একই গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং সম্পর্কে নিহত শিশুটির চাচাতো ভাই। ২০২২ সালের ২৪ মার্চ শিশুটি নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ৯ দিন পর তার অর্ধগলিত মরদেহ বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়।
তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে দেওয়া জবানবন্দিতে শাহাদাত অপরাধের ভয়াবহ বিবরণ দেন। তিনি জানান, ঘটনার দিন দুপুরে তিনি শিশুটিকে ধর্ষণ করেন এবং বিষয়টি প্রকাশ হওয়ার আশঙ্কায় শ্বাসরোধে হত্যা করেন। আলামত গোপন করতেই মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছিল।
এই পাশবিক হত্যাকাণ্ডের পর নোয়াখালীজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিচারের দাবিতে স্থানীয় জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠন টানা মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন। দীর্ঘ চার বছরের বিচারিক কার্যক্রম শেষে সোমবার সকালে এই রায় ঘোষণা করা হলো।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত দিনেই বিচারক এই রায় ঘোষণা করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন