রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দুর্নীতি মামলায় সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন পেছাল

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৭, ২০২৬, ০১:১৩ পিএম

দুর্নীতি মামলায় সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন পেছাল

ছবি : সংগৃহীত

শেয়ারবাজারে কারসাজি, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। মামলায় নির্ধারিত দিনে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় বিচারক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী দিন ধার্য করেছেন। 

সোমবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহাজাহান কবিরের আদালত এই নতুন দিন নির্ধারণের আদেশ জারি করেন।আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।মামলায় অভিযুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের ওরফে হিরু, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার ও সাজেদ মাদবর সহ মোট ১৫ জন। 

গত বছরের ১৭ জুন অসদুপায়ে ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ ও শেয়ারবাজার কারসাজির অভিযোগে দুদক মামলাটি দায়ের করে। এজাহারে বলা হয়, আসামিরা অনৈতিকভাবে পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উঠে আসে, মূল কারসাজিকারীদের সাথে যুক্ত থেকে সাকিব আল হাসান কয়েকটি নির্দিষ্ট কোম্পানির শেয়ারে মূলধন বিনিয়োগ করেন।

অনৈতিকভাবে কৃত্রিম দর বাড়িয়ে প্রলুব্ধ করার মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের প্রতারিত করে চক্রটি আড়াই শত কোটি টাকার বেশি তুলে নেয়। এই প্রক্রিয়ার মাধ্যমে সাকিব আল হাসান এককভাবে রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের নামে ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা তুলে নিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।আদালতের আদেশে মামলার পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন পুনর্নির্ধারণ করা হয়েছে।