সেপ্টেম্বর ১০, ২০২৬, ১০:২১ পিএম
শিশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় দেশের বাজারে থাকা ৩২ ধরনের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য অবিলম্বে প্রত্যাহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জনস্বার্থে এই আবেদন করেন, যেখানে খাদ্য সচিব ও স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
একটি আন্তর্জাতিক গবেষণায় প্রক্রিয়াজাত এসব খাবারে বিপজ্জনক মাত্রার ভারী ধাতু শনাক্ত হয়। সম্প্রতি প্রকাশিত ওই যৌথ বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, পরীক্ষাকৃত পণ্যের মধ্যে সিসা, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, আর্সেনিক, তামা ও নিকেলের মতো বিষাক্ত উপাদান আন্তর্জাতিকভাবে নির্ধারিত গ্রহণযোগ্য মাত্রার চেয়ে কয়েক গুণ থেকে কয়েক শত গুণ বেশি রয়েছে। বিশেষ করে কৃত্রিম ফলের পানীয়, কেক, বিস্কুট ও চকলেটে এই দূষণের মাত্রা সবচেয়ে আশঙ্কাজনক। এসব খাদ্য গ্রহণের ফলে পরীক্ষা করা ৩২টি পণ্যের মধ্যে ৩১টিতেই শিশুদের শরীরে ক্যান্সারসহ জটিল রোগের ঝুঁকি চিহ্নিত হয়েছে।
গবেষণার ফলাফল অনুযায়ী, কৃত্রিম আমের পানীয়তে অনুমোদিত সীমার চেয়ে প্রায় ৫৯৪ গুণ এবং ফলের পানীয়তে ৫৬৩ গুণ বেশি সিসা পাওয়া গেছে। ক্রিম রোলে সিসার মাত্রা ছিল নির্ধারিত সীমার ৩৫৭ গুণ এবং দুধের চকলেটে ২৯৪ দশমিক ৯ গুণ বেশি।
একইভাবে পানীয় ও বেকারি পণ্যে ক্রোমিয়াম ও নিকেলের উপস্থিতিও স্বাভাবিকের চেয়ে শতগুণ বেশি শনাক্ত হয়েছে। ফলের পানীয়তে ক্রোমিয়াম ছিল অনুমোদিত সীমার ২৮৩ দশমিক ৬ গুণ এবং নিকেল ছিল ১৪৭ গুণ বেশি। অন্যদিকে দুধের গুঁড়ায় ক্রোমিয়াম ১২ দশমিক ৮ গুণ ও সিসা ২৫ গুণ বেশি শনাক্ত হয়েছে। নুডলস ও আইসক্রিমেও মিলেছে অতিরিক্ত মাত্রার বিষাক্ত ধাতু।
গবেষকরা জানিয়েছেন, কাঁচামাল, উৎপাদন প্রক্রিয়া কিংবা মোড়কজাত করার সরঞ্জাম থেকেও এসব ভারী ধাতু খাবারে প্রবেশ করতে পারে। আগামী সপ্তাহে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন