সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০১:০১ পিএম
জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন এ মামলার সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. আলমগীর।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, সঙ্গে রয়েছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্য আইনজীবী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর জোহা জানান, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই আন্দোলন দমাতে ফোনে হাজারো নির্দেশনা দিয়েছিলেন। তবে তার সেই সব কল রেকর্ড মুছে ফেলেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান।
তানভীর জোহা আরও জানান, একই সঙ্গে মুছে ফেলা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও। এদিকে আজ রংপুরের বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ মামলার ৯ম দিনের সাক্ষ্যগ্রহণ হবে ট্রাইব্যুনাল – ২ এ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন