নভেম্বর ২, ২০২৫, ০২:৫৭ পিএম
সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত বছরের জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় তার বিরুদ্ধে আটটি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করা হয়েছে।রোববার (০২ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন এবং মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন।
আদালত আগামী ৩০ নভেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন।এদিন শুনানির শুরুতে ট্রাইব্যুনাল হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগ পড়ে শোনান। একপর্যায়ে ট্রাইব্যুনাল আসামির কাছে জানতে চান তিনি দোষী নাকি নির্দোষ। জবাবে হাসানুল হক ইনু নিজেকে নির্দোষ বলে দাবি করেন। এরপর ট্রাইব্যুনাল-২ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান দমনের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনুর কথোপকথন হয়েছিল। সেই কথোপকথনের মাধ্যমে 'কমান্ড রেসপনসিবিলিটি' বা নেতৃত্বের দায় এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
গত ২৩ অক্টোবর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। সেদিন প্রসিকিউটর মিজানুল ইসলাম অভিযোগ গঠনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং ইনুর বিচার শুরুর জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করেন। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছিলেন।উল্লেখ্য, গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে অন্তরীণ রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন