রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নাশতায় যেসব খাবার রক্তচাপ বাড়াচ্ছে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২২, ২০২৫, ১০:২৫ এএম

নাশতায় যেসব খাবার রক্তচাপ বাড়াচ্ছে

ছবি- সংগৃহীত

সকালের নাস্তা আমাদের সারাদিনের শক্তি জোগায়—এই ধারণা নিয়েই আমরা দিন শুরু করি। কিন্তু আপনি কি জানেন, স্বাস্থ্যকর মনে করে খাওয়া কিছু সাধারণ খাবারই আপনার রক্তচাপ বাড়িয়ে দেওয়ার কারণ হতে পারে?

ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সঞ্জয় ভোজরাজ সতর্ক করে বলেছেন, সকালের অনেক ‘হেলদি’ খাবার, যেমন—হোল গ্রেইন টোস্ট, প্যাকেটজাত ওটমিল বা গ্র্যানোলা, এগুলো আসলে আমাদের হৃদযন্ত্রের জন্য উপকারী নাও হতে পারে। এর মূল কারণ হলো এসবে লুকিয়ে থাকা অতিরিক্ত সোডিয়াম (লবণ) এবং পরিশোধিত কার্বোহাইড্রেট।

ডা. ভোজরাজ জানান, প্যাকেটের গায়ে ‘হোল গ্রেইন’, ‘লো ফ্যাট’ বা ‘হার্ট হেলদি’ লেখা থাকলেই সেটি স্বাস্থ্যকর হয়ে যায় না। এসব খাবারে থাকা অতিরিক্ত লবণ শরীরে পানি জমিয়ে রাখে, যা সরাসরি রক্তচাপ বাড়িয়ে দেয়। অন্যদিকে, পরিশোধিত কার্বোহাইড্রেট রক্তে ইনসুলিন এবং স্ট্রেস হরমোনের মাত্রা বাড়িয়ে তোলে।

এই দুইয়ের মিশ্রণে শরীরে এক ধরনের প্রদাহ সৃষ্টি হয় এবং হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে। ডা. ভোজরাজের মতে, অজান্তেই সকাল ৯টার মধ্যে এই ধরনের খাবার খেয়ে আমরা আমাদের ইনসুলিন ও রক্তচাপ বাড়িয়ে ফেলছি, যা দীর্ঘমেয়াদে হার্টের ক্ষতি করতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ হলো, নাস্তার জন্য এমন খাবার বেছে নেওয়া উচিত যা রক্তে শর্করার ভারসাম্য রাখে এবং প্রদাহ কমায়। যেমন—ঘরে তৈরি ওটস, ডিম ও সবজি দিয়ে তৈরি অমলেট, তাজা ফল ও বাদাম অথবা চিড়া-দই। তাই ‘হেলদি’ লেবেল দেখে নয়, বরং খাবারের উপাদান তালিকা দেখেই সকালের নাস্তা নির্বাচন করা উচিত।