রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রতিদিন খালি পেটে খেজুর: জেনে নিন ৭টি স্বাস্থ্য উপকারিতা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ১১:০৯ এএম

প্রতিদিন খালি পেটে খেজুর: জেনে নিন ৭টি স্বাস্থ্য উপকারিতা

স্বাস্থ্যকর ড্রাই ফ্রুট বা শুকনো ফলের তালিকায় খেজুরের জনপ্রিয়তা শীর্ষে। পুষ্টিগুণে ভরপুর এই ফলটি শরীরের জন্য অত্যন্ত উপকারী। পুষ্টিবিদরা বলছেন, অন্যান্য সময়ের চেয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেজুর খেলে স্বাস্থ্যের জন্য তা বহুগুণ বেশি উপকারী হতে পারে। বিশেষ করে, পানিতে ভিজিয়ে রাখা খেজুর খেলে এর উপকারিতা আরও বৃদ্ধি পায়।

খেজুরে রয়েছে প্রচুর ক্যালরি, যা শরীরে দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে। সারারাত ভিজিয়ে রাখা খেজুর সকালে খালি পেটে খেলে তা হজম করা সহজ হয় এবং হজমশক্তি বাড়াতেও ভূমিকা রাখে। খেজুরে থাকা বিভিন্ন খনিজ উপাদান হাড়ের গঠন মজবুত করতে এবং হাড়ের ক্ষয় রোধে সহায়তা করে।খেজুর ফাইবার বা আঁশ-সমৃদ্ধ হওয়ায় এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এর ফলে অহেতুক খিদে কমে এবং ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। এছাড়া ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও কার্যকরী।

নিয়মিত খেজুর খাওয়া হার্টের স্বাস্থ্যের জন্যও উপকারী। এতে থাকা পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন অ্যান্টি-অক্সিডেন্ট রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে যায়। খেজুরে থাকা বিভিন্ন ভিটামিন ও মিনারেল শরীরের সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনেকেই ওটস বা কর্নফ্লেক্সের সাথে প্রাকৃতিক মিষ্টি হিসেবে খেজুর ব্যবহার করতে পারেন, এতে বাড়তি চিনির প্রয়োজন হয় না। তবে, খেজুরের উপকারিতা অনেক হলেও এর পরিমাণ নিয়ে সতর্ক থাকা উচিত। পুষ্টিবিদদের মতে, প্রতিদিন ২ থেকে ৩টির বেশি খেজুর খাওয়া ঠিক নয়। অতিরিক্ত পরিমাণে খেজুর খেলে পেটের সমস্যা বা হজমের গণ্ডগোল দেখা দিতে পারে। তাই পরিমিত পরিমাণে খেজুর খাওয়ার অভ্যাস স্বাস্থ্যকর লাইফস্টাইলের অংশ হতে পারে।