নভেম্বর ৩, ২০২৫, ১০:২৯ এএম
সচেতন মানুষ মাত্রই জানেন যে, দাঁতকে সুস্থ ও মজবুত রাখতে শুধু নিয়মিত যত্নই নয়, পুষ্টিকর খাবারও সমান জরুরি। কিন্তু আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় থাকা অনেক জনপ্রিয় খাবার ও পানীয়ই অজান্তে দাঁতের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। দন্তবিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদে দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে এসব খাবার ও পানীয় নিয়ন্ত্রিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেন। চলুন, জেনে নেওয়া যাক এমন ছয়টি খাবার ও পানীয়ের কথা, যা দাঁতের এনামেল ক্ষয় করে এর ক্ষতির কারণ হতে পারে।
তালিকায় প্রথমেই আছে চা ও কফি। অনেকেরই প্রতিদিন সকালে চা বা কফি ছাড়া চলে না। কিন্তু কফি এবং কিছু গাঢ় চায়ে ট্যানিক অ্যাসিড নামক একটি উপাদান থাকে। এই অ্যাসিড দাঁতের বাইরের শক্ত আবরণ বা এনামেল নষ্ট করে এবং খুব সহজেই দাঁতে বাদামী বা হলদে দাগ ফেলে দেয়। বিশেষজ্ঞরা এটি সম্পূর্ণভাবে ছেড়ে দিতে না বললেও, এর পরিমাণ কমিয়ে আনার পরামর্শ দেন। এর বদলে গ্রিন টি বা বিভিন্ন ভেষজ চা বেছে নেওয়া যেতে পারে।
দ্বিতীয়ত, সাইট্রাস বা টক জাতীয় ফল। লেবু, জাম্বুরা, আঙুর বা মাল্টার মতো সাইট্রাস ফলগুলো স্বাস্থ্যের জন্য উপকারী হলেও এতে থাকা অতিরিক্ত অ্যাসিড দাঁতের এনামেলকে সরাসরি ক্ষয় করে। বিশেষজ্ঞদের মতে, এই ফলগুলো সম্পূর্ণ বাদ দেওয়ার প্রয়োজন নেই, তবে সীমিত পরিমাণে খাওয়া উচিত। সাইট্রাস ফল খাওয়ার পর পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত, যাতে অ্যাসিডের প্রভাব অনেকটাই কমে যায়।
সোডা বা কোমল পানীয় দাঁতের সবচেয়ে বড় শত্রুগুলোর একটি। সোডায় থাকা চিনি, উচ্চ মাত্রার অ্যাসিড এবং কার্বোনেশন—এই তিনটি উপাদান মিলেই দাঁতের এনামেলের মারাত্মক ক্ষয়সাধন করে। এর ফলে দাঁত দ্রুত ক্ষয়প্রাপ্ত বা ভঙ্গুর হয়ে পড়ে। তাই নিয়মিত সোডা পান করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
আচার খেতে অনেকেই ভালোবাসেন। কিন্তু আচারে ব্যবহৃত ভিনেগার (যা অ্যাসিটিক অ্যাসিড) এবং চিনি দাঁতের এনামেলকে নরম করে ফেলে। এর ফলে দাঁতের ক্ষয় প্রক্রিয়া খুব দ্রুত ঘটে। দন্তবিশেষজ্ঞদের পরামর্শ, আচার নিয়মিত না খেয়ে মাঝে মাঝে খাওয়া যেতে পারে এবং খাওয়ার পরপরই ভালো করে মুখ কুলকুচি করে পরিষ্কার করা জরুরি।অ্যালকোহল, বিশেষ করে রেড ওয়াইন ও হোয়াইট ওয়াইন—উভয়ই দাঁতের এনামেল ক্ষয় করে এবং দাঁতে স্থায়ী দাগ ফেলে দেয়।
সবশেষে রয়েছে ক্যান্ডি ও বিভিন্ন মিষ্টান্ন। ক্যান্ডিতে থাকা অতিরিক্ত চিনি মুখের ভেতরে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়। এই ব্যাকটেরিয়া চিনিকে অ্যাসিডে রূপান্তরিত করে, যা দাঁতের এনামেল ক্ষয় করে এবং ক্যাভিটি বা দাঁত ক্ষয়ের প্রক্রিয়াকে বহুগুণ ত্বরান্বিত করে। তাই অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলা এবং খাওয়ার পরপরই মুখ ভালোভাবে পরিষ্কার করা অত্যন্ত জরুরি।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন