রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হার্টের সুরক্ষায় দিনে কতটুকু লবণ খাওয়া নিরাপদ?

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ১১:৪০ পিএম

হার্টের সুরক্ষায় দিনে কতটুকু লবণ খাওয়া নিরাপদ?

একটা সময় হার্টের সমস্যাকে শুধু বয়স্কদের অসুখ হিসেবে বিবেচনা করা হলেও, বর্তমানে কম বয়সেও অনেকে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। তাই হৃৎপিণ্ডের স্বাস্থ্যের দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, লবণে থাকা সোডিয়াম হার্টের জন্য বিষের সমান। তবে জীবন থেকে একবারে লবণ বাদ দেওয়া সম্ভব নয় বলে এটি খেতে হবে মেপে, যাতে হার্টের ক্ষতি না হয়।

এ প্রসঙ্গে চিকিৎসকরা বলেন, লবণে রয়েছে সোডিয়াম, যা শরীরে পানি ধরে রাখতে সহায়তা করে। এর ফলে স্বাভাবিকভাবেই রক্তচাপ বা ব্লাড প্রেশার বেড়ে যায়। আর উচ্চ রক্তচাপ যে হার্টের জন্য ক্ষতিকর, তা বলাই বাহুল্য। তাই লবণ যদি পরিমাপের বাইরে খাওয়া হয়, তবে হার্টের ক্ষতি হতে সময় লাগবে না।

হার্টকে সুস্থ রাখতে হলে দৈনিক কতটুকু লবণ খাওয়া নিরাপদ—এই প্রশ্নের উত্তরে চিকিৎসকরা একটি নির্দিষ্ট মাত্রা উল্লেখ করেছেন। তাদের মতে, একজন সুস্থ মানুষ দিনে ২২০০ এমজি পর্যন্ত সোডিয়াম গ্রহণ করতে পারেন। এই পরিমাণ সোডিয়াম মোটামুটি ৪ থেকে ৫ গ্রাম লবণে থাকে। হার্ট সুস্থ রাখতে চাইলে দিনে এর থেকে বেশি লবণ খাওয়া উচিত নয়।তবে যারা ইতিমধ্যেই কোনো ধরনের হৃদরোগে আক্রান্ত, তারা দিনে সর্বোচ্চ ১৫০০ এমজি সোডিয়াম পর্যন্ত খেতে পারবেন। লবণের হিসেবে এই পরিমাণটি হলো ২ থেকে ৩ গ্রামের মতো।

সাধারণ মানুষের পক্ষে ৩-৪ গ্রাম লবণ মাপা কঠিন। এই সমস্যা সমাধানে চিকিৎসকরা একটি সহজ টেকনিকের পরামর্শ দিয়েছেন। তারা বলেন, রান্নায় এক চিমটির বেশি লবণ ব্যবহার করা উচিত নয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাঁচা লবণ খাওয়া সম্পূর্ণভাবে পরিহার করা। এই সহজ নিয়ম মানলেই রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এবং হার্ট সুস্থ রাখা সম্ভব হবে।

চিকিৎসকরা সতর্ক করেছেন যে, আমাদের পরিচিত কিছু ফাস্ট ফুড, প্রসেসড ফুড, চিপস এবং সসের মতো খাবারে মাত্রাতিরিক্ত লবণ বা ‘হিডেন সল্ট’ রয়েছে। তাই এসব খাবার পরিহার করার পরামর্শ দেন তারা। এর পরিবর্তে নিয়মিত শাক-সবজি এবং ফল বেশি করে খেলে সুস্থ থাকা সম্ভব। এছাড়া হার্টের স্বাস্থ্য ফেরাতে দিনে অন্তত ৩০ মিনিট নিয়মিত ব্যায়াম করাকে আবশ্যক বলে মনে করেন বিশেষজ্ঞরা।