জুন ১৫, ২০২৬, ১১:৫৪ এএম
জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক শায়খ আহমাদুল্লাহ বিশ্বকাপ আয়োজনের বিপুল ব্যয়ের তীব্র সমালোচনা করেছেন। সোমবার সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে কথা বলেন। ওই বিপুল অর্থ দিয়ে তিনি পৃথিবীর ক্ষুধার্ত মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার প্রতি বেশি জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলির উদ্ধৃতি দিয়ে তিনি জানান, প্রতি বছর মাত্র ৪০ বিলিয়ন ডলার ব্যয় করলেই পৃথিবীর ৮২ কোটি ৮০ লাখ মানুষের খাদ্যচাহিদা পূরণ করা সম্ভব।২০২২ সালে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপে মোট ২২০ বিলিয়ন ডলার ব্যয় হয়েছিল বলে স্মরণ করিয়ে দেন তিনি।
তার মতে, একদিকে কোটি কোটি মানুষ না খেয়ে চরম কষ্টে দিন পার করছে, অন্যদিকে অনর্থক একটি খেলার পেছনে গোটা বিশ্ব মেতে উঠেছে। এমন পরিস্থিতিকে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
এই ধরনের আচরণ প্রমাণ করে যে মানুষ অনেক আগেই তার মনুষ্যত্বের মর্যাদা হারিয়েছে। পৃথিবীজুড়ে এখন কেবলই মনুষ্যত্ব বিবর্জিত খোলসসর্বস্ব মানুষের বসবাস চলছে বলে আফসোস প্রকাশ করেন এই ইসলামি গবেষক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন