অক্টোবর ২৭, ২০২৫, ০৬:২৮ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার যে আশ্বাস দিয়েছেন, সেটিকে 'উদ্ভট', 'ডিজায়ার' এবং সুস্পষ্ট বৈষম্য বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান। তিনি মনে করেন, জামায়াত আমির এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বিএনপিকে রাজনৈতিকভাবে বিপদে ফেলার কৌশল নিয়েছেন।আজ সোমবার (২৭ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বিশ্লেষণে জাহেদ উর রহমান এসব কথা বলেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত আমির ডা. শফিকুর রহমান কর্মজীবী নারীদের প্রসঙ্গে বলেন, মায়েরা সন্তান জন্মদান ও লালন-পালন করাসহ পেশাগত দায়িত্বও পালন করেন। তাই নারী-পুরুষ উভয়ের ৮ ঘণ্টা কর্মঘণ্টা নারীদের প্রতি অবিচার। তিনি ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে পাঁচ ঘণ্টা করার বিষয়ে ভাবছেন বলে জানান।জামায়াত আমিরের এই বক্তব্য বিশ্লেষণ করে জাহেদ উর রহমান বলেন, ‘জামায়াত আমির মোটেও বোকা মানুষ নন।
এই দলটাও এত বোকা নয় যে তারা এই ধরনের একটা হাস্যকর দাবি বা প্রতিশ্রুতি সামনে আনবে। আমার কাছে মনে হয়, এটা আসলে তারা বিএনপিকে বিপদে ফেলার জন্য করছে।’এই প্রতিশ্রুতির বাস্তবায়নগত সমস্যা তুলে ধরে তিনি বলেন, জামায়াত যদি ক্ষমতায় গিয়ে এই নিয়ম কার্যকর করে, তবে নিয়োগকর্তারা কৌশলে নারীদের আর চাকরিতেই নেবেন না। তিনি বলেন, ‘এটা একটা ডিসক্রিমিনেশন (বৈষম্য)। পুরুষের জন্য আট ঘণ্টা আর নারীর জন্য পাঁচ ঘণ্টা।
একই রকম কাজ করে পুরুষ আর নারী সমান বেতন পাবে। তাহলে সব পুরুষরাও বলবে, আমি পাঁচ ঘণ্টায় আট ঘণ্টার কাজ করে ফেলব। সত্যিকার অর্থেই তারা পাঁচ ঘণ্টায় ৮ ঘণ্টার দায়িত্ব পালন করতে চাইবে। এ রকম পুরুষ পাওয়া যাবে।’জাহেদ উর রহমান মনে করেন, জামায়াতের এসব উদ্ভট প্রতিশ্রুতি বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলবে। তিনি বলেন, ‘মাঠে জামায়াত ইসলামী অদ্ভুত এবং উদ্ভট অনেকগুলো দাবি বা প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনে নামবে। যেগুলো কোনোভাবেই বাংলাদেশে কার্যকর করা যাবে না। কার্যকর করা না গেলেও জামায়াতের এসব প্রতিশ্রুতিতে বিএনপি চাপে পড়বে।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, জামায়াতের দিক থেকে এই ধরনের আরও প্রচুর আকাশকুসুম প্রতিশ্রুতি আসবে। বিএনপিকে যুক্তি দিয়ে জনগণের সামনে এগুলো বোঝাতে হবে।’জাহেদ উর রহমান শুধু জামায়াত বা বিএনপি নয়, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ যাতে উদ্ভট কোনো প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে ভোট চাইতে না পারে। যে দলই যা বলবেন, তা কীভাবে বাস্তবায়ন করবেন, সেই বিষয়ে বিস্তারিত পরিকল্পনা (ডিটেইল প্ল্যানিং) জনগণকে দিতে হবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন