বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই সনদসহ ৩ গুরুত্বপূর্ণ বিষয়ে ভাষণ দেবেন ড. ইউনূস

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ১১:০৫ এএম

জুলাই সনদসহ ৩ গুরুত্বপূর্ণ বিষয়ে ভাষণ দেবেন ড. ইউনূস

দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং জানানো হয়েছে যে এই ভাষণটি বাংলাদেশ টেলিভিশনসহ প্রধান সংবাদমাধ্যমগুলোতে সরাসরি সম্প্রচার করা হবে।

সচরাচর রেকর্ডকৃত ভাষণ সম্প্রচারের রেওয়াজ থাকলেও আজ প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি প্রচার হবে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, তাঁর এই সংক্ষিপ্ত ভাষণে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় প্রসঙ্গ স্থান পাবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার ভাষণে যে তিনটি বিষয় প্রাধান্য পাবে তার মধ্যে অন্যতম হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের বিষয়ে চূড়ান্ত ঘোষণা।

এছাড়া ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন এবং মানবতাবিরোধী অপরাধের চলমান বিচার কার্যক্রমের প্রসঙ্গও উঠে আসতে পারে। দেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথের জন্য এই ভাষণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই ঘোষণার মাধ্যমে সংবিধান সংস্কার ও নির্বাচন সংক্রান্ত দীর্ঘদিনের আলোচনায় একটি আনুষ্ঠানিক সমাপ্তি টানা হবে বলে ধারণা করা হচ্ছে।

ভাষণের আগে আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাঁরই সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে। জানা গেছে, এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা। এই সিদ্ধান্তের আলোকেই আগামী সপ্তাহের শুরুতে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’ জারি হতে পারে। তবে আইনি জটিলতা এড়াতে আদেশটি প্রধান উপদেষ্টা জারি করবেন নাকি রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা হবে, সে বিষয়ে বৈঠকে চূড়ান্ত পর্যালোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।

আইনগত কোনো বাধা না থাকলে প্রধান উপদেষ্টাই আদেশ জারি করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মূলতঃ উপদেষ্টা পরিষদের গৃহীত সিদ্ধান্তই প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত ভাষণ আকারে জাতির সামনে তুলে ধরবেন।বিশেষজ্ঞরা মনে করছেন, এই ভাষণ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতিপথ নির্ধারণ করবে। দীর্ঘদিনের আন্দোলন এবং রাজনৈতিক মতভেদের পর এই ভাষণ একটি ঐকমত্য তৈরির প্রচেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে। জনগণের কাছে সরকারের সিদ্ধান্ত সরাসরি পৌঁছানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।