বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের সরকারি গেজেট প্রকাশ

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৩:০৫ পিএম

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের সরকারি গেজেট প্রকাশ

ছবি: সংগৃহীত

বিদ্যমান এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের আনুষ্ঠানিক গেজেট জারি করেছে সরকার। মঙ্গলবার এই সংক্রান্ত নতুন প্রণীত আইনের গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে পরিচালিত র‍্যাব কাঠামোর আনুষ্ঠানিক অবসান ঘটল।

আইন-শৃঙ্খলা রক্ষায় জবাবদিহিতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। সরকারি গেজেটে উল্লেখ করা হয়েছে, জাতীয় জননিরাপত্তা সুরক্ষা, সন্ত্রাসবাদ দমন ও সংঘবদ্ধ অপরাধ প্রতিহত করার মাধ্যমে সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনীকে মাঠপর্যায়ে সহায়তার জন্য একটি আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিট গড়ে তোলা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছিল।

একই সঙ্গে বিশেষায়িত এই ধরনের ইউনিটের যেকোনো ধরনের বল প্রয়োগ বা বিশেষ ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, নিয়মিত তদারকি ও সরাসরি আইনি জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মূলত এসব প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা বিবেচনা করেই আগের কাঠামোটি ভেঙে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠন আইন কার্যকর করা হয়েছে। এসআরবি গেজেট দেখুন এখানে