রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ ১২টি দলের সঙ্গে বৈঠকে বসছে ইসি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৫, ১০:২১ এএম

আজ ১২টি দলের সঙ্গে বৈঠকে বসছে ইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) ধারাবাহিক সংলাপ অব্যাহত রয়েছে। আজ সোমবার এই সংলাপের তৃতীয় দিন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে,

আজকের সংলাপে অংশ নেওয়ার জন্য মোট বারোটি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সংলাপটি সকাল থেকে বিকেল পর্যন্ত মোট দুটি ধাপে বিভক্ত করে আয়োজন করা হয়েছে, যেখানে প্রতিটি ধাপে ছয়টি করে দল অংশ নিচ্ছে।

প্রথম ধাপের বৈঠকটি সকাল সাড়ে দশটায় শুরু হয়ে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলার কথা রয়েছে। এই পর্বে যে ছয়টি দলের সঙ্গে ইসি বসছে সেগুলো হলো বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ এবং বিকল্পধারা বাংলাদেশ। এছাড়া এই ধাপে আরও অংশ নিচ্ছে বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল। দুপুরের বিরতির পর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হবে দুপুর দুইটায় এবং তা বিকেল চারটা পর্যন্ত চলবে।

এই পর্বে আমন্ত্রিত অন্য ছয়টি দল হলো জাকের পার্টি, আমার বাংলাদেশ পার্টি বা এবি পাটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটি (বিডিপি), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা। এর আগে গত বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনেও বারোটি দলের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করেছিল।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে ইসিতে মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা তিপ্পান্নটি। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। অন্যদিকে, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ফ্রিডম পার্টি এবং ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ধাপে ধাপে নিবন্ধিত সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেই সংলাপে বসা হবে। এই সংলাপের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে দলগুলোর মতামত ও পরামর্শ গ্রহণ করছে ইসি। সম্প্রতি আরও তিনটি নতুন দল, যথাক্রমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর নিবন্ধন চূড়ান্ত করার প্রক্রিয়া হিসেবে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, এই সংলাপ আগামী নির্বাচনের রূপরেখা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।