সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই আবার নতুনভাবে বিজয়ী হয়েছে : সাদিক কায়েম

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৫, ১০:৪২ পিএম

জুলাই আবার নতুনভাবে বিজয়ী হয়েছে : সাদিক কায়েম

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ঐতিহাসিক রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন,

"জুলাই আবার নতুনভাবে বিজয়ী হয়েছে।"সোমবার রায়ের পর বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সাদিক কায়েম বলেন, "ইনসাফের বিজয় হয়েছে।

জালিম, খুনি হাসিনা গত ১৬ বছরে গুম, খুন, আয়নাঘর এবং শিক্ষার্থীদের ওপর নির্যাতন-নিপীড়নের মাধ্যমে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। সেই খুনি হাসিনার আজকে মৃত্যুদণ্ড রায় ঘোষিত হয়েছে।"

ডাকসু ভিপি আরও বলেন, "এই বিজয়টি বাংলাদেশের সকল মানুষের। এই রায়ের জন্য বাংলাদেশে সকল মানুষ গত এক বছর অপেক্ষা করেছিল।"তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে দ্রুত রায় কার্যকরের অনুরোধ জানান। সাদিক কায়েম বলেন, "খুনি হাসিনা ও তার দোসরদেরকে ভারত থেকে দ্রুত দেশে এনে এই রায় যেন কার্যকর করা হয়। এটা হচ্ছে এই দেশের মুক্তিকামী ছাত্র জনতার দাবি।"

উল্লেখ্য, সোমবার দুপুর পৌনে তিনটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর বিচারক বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ের মধ্যে প্রথম অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড এবং দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।