নভেম্বর ১৮, ২০২৫, ০৪:৪৭ পিএম
জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নেওয়া শিক্ষকদের চাকরি বাতিলের দাবি জানিয়েছে সমন্বিত ছাত্র সংগঠন। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই কঠোর দাবি জানানো হয়।
বিবৃতিতে ছাত্র সংগঠনটি উল্লেখ করে, গত জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে দণ্ডপ্রাপ্ত করা রায়কে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কেন্দ্রীয় ছাত্র সংসদ,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ সন্তোষ প্রকাশ করেছে। সংগঠনটি এই রায়কে মানবাধিকার প্রতিষ্টার দিকে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছে।
শিক্ষকদের চাকরি বাতিলের দাবির মূল কারণ হিসেবে ছাত্র সংগঠনগুলো বলছে, যখন আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে জড়িত এবং দেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন, তখন কোনো শিক্ষকের পক্ষে তাকে প্রকাশ্যে বা গোপনে সমর্থন জানানো নৈতিকভাবে অগ্রহণযোগ্য।

তারা মনে করে, যারা শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিকতা ও সত্যের শিক্ষা দেন, তাদের পক্ষ থেকে একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীকে সমর্থন দেওয়া শিক্ষার পবিত্রতা নষ্ট করে।বিবৃতিতে বলা হয়েছে, যেসব শিক্ষক প্রকাশ্যে বা অন্য কোনো মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষ নিয়েছেন বা তার কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকারের উচ্চপর্যায়ের উচিত অবিলম্বে তাদের চিহ্নিত করা।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দ্রুত তাদের চাকরি বাতিল করা উচিত। ছাত্র সংগঠন তাদের বিবৃতিতে শঙ্কা প্রকাশ করে বলেছে, এই ধরনের কঠোর পদক্ষেপ না নিলে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট হবে এবং শিক্ষার্থীদের মধ্যে ভুল বার্তা যাবে। ট্রাইব্যুনালের রায়ের পর যখন বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া আসছে, তখন ছাত্র সংগঠনের এই কঠোর দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারকে নতুন করে ভাবনায় ফেলেছে। তবে এই দাবিতে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন