সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

তপশিল ঘোষণার তারিখ জানালেন ইসি মাছউদ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৫, ০২:৫৩ পিএম

তপশিল ঘোষণার তারিখ জানালেন ইসি মাছউদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনের তপশিল আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘোষণা করা হতে পারে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তপশিল ঘোষণার আগে কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এবং এরপরই চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, আগামীকাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা আগামী ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ত্রয়োদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করবে কমিশন।

তিনি এই তপশিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, বিটিভি ও বেতারকে ইতোমধ্যে চিঠি দিয়েছে ইসি সচিবালয়। ভাষণের মাধ্যমেই তপশিল ঘোষণা হবে। "১০ ডিসেম্বর হতে পারে। আর তো সময় নেই। ১১ ডিসেম্বরের মধ্যে তপশিল দিতে হবে,"—যোগ করেন তিনি।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ প্রদানের মাধ্যমে তপশিল ঘোষণা করবেন।

তপশিলে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের দিন ধার্য করা হতে পারে বলে জানা গেছে। তপশিল ঘোষণার প্রস্তুতি হিসেবে এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তাদের প্রথম ভোটের অভিজ্ঞতা নিতে যাচ্ছে।

দায়িত্ব গ্রহণের পর প্রথম ধাপেই জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন পরিচালনা করার কারণে কমিশন একটি কঠিন পরীক্ষার মধ্যে পড়তে যাচ্ছে। কমিশন সূত্রে আরও জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেখান থেকে ফিরে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের তপশিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড করা হবে। রেকর্ড শেষে এদিন সন্ধ্যার দিকে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। তবে কোনো কারণে বুধবার তপশিল ঘোষণা না হলে বৃহস্পতিবার সেটি ঘোষণা করা হবে।