ডিসেম্বর ৯, ২০২৫, ০৩:১৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগে সাংবিধানিক রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর দুইটার কিছু সময় আগে ইসি থেকে সরাসরি সুপ্রিম কোর্টে যান সিইসি।
প্রধান বিচারপতির খাসকামরায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সিইসি তাঁর সচিবকে নিয়ে একাকী বৈঠকে বসেন।
সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে নির্বাচন কমিশনের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এবং পরামর্শ গ্রহণ একটি দীর্ঘদিনের প্রচলিত প্রথা।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তপশিল ঘোষণা ও তা প্রচারের জন্য প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণ আগামীকাল বুধবার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে। তপশিল ঘোষণার পূর্বে কমিশন প্রধান আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই তপশিল ঘোষণার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।জানা গেছে, পুরো কমিশন ইতোমধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছে এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে।
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চলতি সপ্তাহের মধ্যেই তপশিল দেওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদও মঙ্গলবার গণমাধ্যমে নিশ্চিত করেছেন যে, তপশিল ঘোষণা বুধবার সন্ধ্যায় কিংবা বৃহস্পতিবারের মধ্যেই সম্পন্ন হবে। সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের জন্য এই জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা হবে তাদের দায়িত্ব গ্রহণের পর প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার মধ্য দিয়ে নির্বাচন কমিশন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি পর্বের গুরুত্বপূর্ণ ধাপগুলো সম্পন্ন করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন