সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

তপশিল ঘোষণা ঘিরে ইসিতে কড়া নিরাপত্তা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২৫, ০৩:২৬ পিএম

তপশিল ঘোষণা ঘিরে ইসিতে কড়া নিরাপত্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তপশিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিরাপত্তা কঠোরভাবে জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে সরেজমিন পরিদর্শন করে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই কমিশন ভবনের সামনের রাস্তায় যান চলাচল সীমিত করা হয়েছে। এছাড়া ভবনের সামনের অংশ লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে।

এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রধান সড়ক থেকেই কমিশনে প্রবেশে কড়াকড়ি আরোপ করতে দেখা গেছে। কমিশন ভবনে ঢুকতে সবার পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।

ইসি সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দুই নির্বাচনের তপশিল ঘোষণা করবেন। এরই মধ্যে তপশিল ঘোষণা সংক্রান্ত টেলিভিশন ও বেতারে ভাষণের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। রেওয়াজ অনুযায়ী, তপশিল ঘোষণার পূর্বে এদিন দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে এ এম এম নাসির উদ্দীন নেতৃত্বাধীন কমিশন নির্বাচন ও তপশিলের সার্বিক প্রস্তুতি সম্পর্কে তাকে অবহিত করেন।

এদিকে তপশিল ঘোষণার আগে আইনি জটিলতা নিরসনের একটি বিষয় সামনে এসেছে। ইসি সূত্র জানায়, আইন অনুযায়ী নতুন করে সংসদীয় আসনের সীমানার গেজেট প্রকাশ না করে নির্বাচন কমিশন ৩০০ আসনে তপশিল ঘোষণা করতে পারবে না। সেক্ষেত্রে গতকাল আপিল বিভাগ বাগেরহাটের সংসদীয় আসন একটি কমিয়ে আনার বিষয়ে নির্বাচন কমিশনের গেজেটকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন। ফলে আজ তপশিল ঘোষণা করতে হলে আদালতের আদেশ অনুযায়ী নতুন করে সংসদীয় আসনের সীমানার গেজেট প্রকাশ করতে হবে।

না হলে বাগেরহাট ও গাজীপুর জেলার আসনগুলো বাদ রেখে ২৯১টি আসনে নির্বাচনের তপশিল ঘোষণা করতে হবে। সূত্র আরও জানায়, কমিশন বর্তমান পরিস্থিতিতে আর রিভিউ করে কোনো ঝামেলায় যেতে চায় না এবং আদালতের রায় মেনে নিয়েছে। সেজন্য আজ তপশিল ঘোষণার আগেই আদালতের আদেশ ইসিতে চলে আসবে এবং তপশিল ঘোষণার আগে দ্রুতই গেজেট প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।