ডিসেম্বর ১১, ২০২৫, ০৫:৩৯ পিএম
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন। গত বুধবার সন্ধ্যায় তারা দুজন পদত্যাগপত্র জমা দেন।
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে এবং এই পদত্যাগ তপশিল ঘোষণার পর কার্যকর হবে।
তিনি আরও বলেন, তপশিল ঘোষণার পর প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস তাদের মন্ত্রণালয় পুনঃবণ্টন করবেন। রিজওয়ানা হাসান তার মন্তব্যে উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্র প্রতিনিধিদের এই বিদায় ছিল বেশ আবেগঘন।
তিনি আশা প্রকাশ করেন, এই ছাত্র নেতারা ভবিষ্যতে দেশের রাজনীতিতে আরও ইতিবাচক ভূমিকা রাখবেন। উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত বেশ কিছু সংস্কারের আইনি কাঠামো তৈরি করে দিয়েছে। তবে এই আইনগুলো বা সংস্কারগুলো ভবিষ্যতে কতোটা বাস্তবায়ন হবে, তা নির্বাচিত সরকারের ওপর নির্ভর করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন