ডিসেম্বর ১১, ২০২৫, ০৬:০৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলে তাদের কঠোর হস্তে দমন করা হবে বলে কঠোর বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।
প্রেস সচিব বলেন, অনেক গ্রুপ অপেক্ষা করতে চাইছে না এবং অপ্রয়োজনীয় বিষয় নিয়েও আন্দোলনের চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দেন যে, যারা বেআইনিভাবে আন্দোলন করবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।
শফিকুল আলম বলেন, সরকার একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে খুবই ভালো আছে এবং আশা করা যায়, তা বজায় থাকবে।
নির্বাচনকে সামনে রেখে তাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে; ট্রেনিং চলছে এবং ওসি, এসপি, ডিসি পদায়নও সম্পন্ন হয়ে গেছে। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন যে, জাতিকে একটি ফ্রি, ফেয়ার এবং উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে। তিনি অনলাইন সাইবার জালিয়াতি রোধে কড়া বার্তা দিয়েছেন এবং এগুলো রোধে সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।এদিকে, প্রেস সচিব এই ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোও তুলে ধরেন।
তিনি জানান, ঢাকা শহরের মানুষের যাতায়াতে যুগান্তকারী ভূমিকা রাখায় মেট্রোরেলের ভ্যাট বা মূল্যসংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, ফেব্রুয়ারিতে রোজা সামনে রেখে রোজাদারদের সুবিধার কথা বিবেচনা করে খেজুরের উপর ট্যাক্স ৫২.২ শতাংশ থেকে কমিয়ে ৪০.৭ শতাংশ করা হয়েছে। এই ক্ষেত্রে মূলত খেজুরের কাস্টমস ডিউটি ১৫ শতাংশ কমানো হয়েছে। শফিকুল আলম আরও জানান, উপদেষ্টা পরিষদের সভায় পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমকে নিয়ে ধন্যবাদ প্রস্তাব আনা হয়েছে। প্রস্তাবটি পাঠ করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি তাদের ২০১৮ থেকে ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী গণজাগরণে তাদের ভূমিকা তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাদের ধন্যবাদ দেওয়া হয়। প্রধান উপদেষ্টা দুই ছাত্র উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে একটি ছবি তুলেছেন এবং তারা একসঙ্গে খাবার খেয়েছেন বলেও প্রেস সচিব জানান। তিনি আরও জানান, সভায় তিনটি নতুন আইন উঠেছে। এর মধ্যে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ এবং রেজিস্ট্রেশন অর্ডিন্যান্স, এমেন্ডমেন্ট ২০২৫ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এবং আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশের খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন