ডিসেম্বর ১২, ২০২৫, ০৩:২২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। তিনি উল্লেখ করেন, স্বৈরাচারের ১৫ বছরে মানুষ কোনো ভালো নির্বাচন পায়নি, তাই সবাই ভালো একটা নির্বাচন চায়।
এ সময় তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "যারা আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে কিংবা আইন হাতে তুলে নেবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, যারা পতিত স্বৈরাচারের পার্টি, তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তিনি বলেন, রাজনৈতিক দল হলে শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে। কিন্তু তারা তা না করে রাইফেল-পিস্তল নিয়ে বাচ্চা ছেলেদের খুন করেছে।
তাদের এমন আচরণের কারণ সম্পর্কে তিনি বলেন, তারা ভেবেছিল অনেক মানুষকে হত্যা করলে আরও ১৫ বছর সবাই চুপ থাকবে। কিন্তু এখন তারা নিজেরাই নিজেদের আউট করে দিয়েছে।প্রেস সচিব আরও বলেন, সরকার নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে আছে। পাশাপাশি তিনি নির্বাচনে অপপ্রচার বা সহিংসতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন