ডিসেম্বর ১২, ২০২৫, ১১:৫৫ পিএম
রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শুক্রবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে এক জরুরি বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদির ওপর এই হামলা অন্তর্বর্তী সরকারের মেয়াদে অন্যতম উদ্বেগজনক ঘটনা। তিনি বলেন,এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ওপর সুপরিকল্পিত আঘাত।
এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে। তবে এই ধরনের অপশক্তির আঘাত কোনোভাবেই বরদাশত করা হবে না।”তিনি আরও যোগ করেন, এই হামলার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু কোনো শক্তিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। সরকার আপামর জনগণকে সাথে নিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে।
সীমান্তে কড়া নজরদারি: হামলাকারীরা যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারে, সেজন্য সীমান্তে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।বিশেষ হটলাইন: নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগামী কয়েক দিনের মধ্যে একটি বিশেষ হটলাইন নম্বর চালু করা হবে।অস্ত্র উদ্ধার অভিযান: অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের সম্ভাব্য গোপন আস্তানায় অভিযান জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।
জুলাই যোদ্ধাদের নিরাপত্তা: জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে সম্পৃক্ত ব্যক্তিদের সম্ভাব্য ‘টার্গেট’ বিবেচনা করে তাদের নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।রাজনৈতিক সংলাপ: উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা শিগগিরই দেশের প্রধান প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে আলোচনা করবেন।বৈঠকে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান জানান, ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রধান উপদেষ্টা তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন যারা: আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সরকারের একাধিক উপদেষ্টা, বিশেষ সহকারী এবং পুলিশ, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও আলামত সংগ্রহ করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করার কাজ দ্রুতগতিতে চলছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন