রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৬:০৭ পিএম

বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে পুরো স্মৃতিসৌধ এলাকা পরিচ্ছন্ন, রংতুলি ও বাহারি ফুলের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে।

একই সঙ্গে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি উপলক্ষে ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।স্মৃতিসৌধ চত্বর ঘুরে দেখা যায়, গণপূর্ত বিভাগের কর্মীরা প্রস্তুতির শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন।

সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, মহান বিজয় দিবস উপলক্ষে এক মাস ধরে শতাধিক পরিচ্ছন্নতাকর্মী স্মৃতির মিনারসহ ধোয়ামোছা ও সাজসজ্জায় কাজ করছেন।

লাল ইটে সাদা রঙের ছোঁয়া শুভ্রতা ছড়াচ্ছে।বাহারি ফুলের সমারোহে ছোট বাগানগুলোকে সাজানো হয়েছে এবং লেকের পানিতে নতুন করে রোপণ করা হয়েছে লাল শাপলা।সবুজ ঘাসের গালিচা কেটে ছেঁটে নান্দনিক করে তোলা হয়েছে।চত্বরের সিঁড়ি ও বিভিন্ন স্থাপনায় লেগেছে রংতুলির আঁচড়, ভবনের দেয়ালে ঝোলানো হয়েছে বর্ণিল আলোকবাতি।বিজয় দিবস উপলক্ষে এবার ভিন্ন প্রেক্ষাপটে সাভার জাতীয় স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, প্রায় ২৩ কিলোমিটার মহাসড়কে ১৩টি সেক্টরের মাধ্যমে ৪ হাজার পুলিশের ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া পুরো স্মৃতিসৌধ এলাকাকে সিসিটিভির আওতায় আনা হয়েছে।১৬ ডিসেম্বর ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সাভার জাতীয় স্মৃতিসৌধে নাম না জানা লাখো শহিদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ

কূটনৈতিক কোরের ডিন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে এ সময় তিন বাহিনীর গার্ড অব অনার দেওয়া হবে। তাদের শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণের জন্য স্মৃতিসৌধ খুলে দেওয়া হবে। পরে সেখানে শ্রদ্ধা জানাবেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।