ডিসেম্বর ১৪, ২০২৫, ০২:৩৪ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি মনে করেন, মানুষকে ভয় দেখাতে এবং নির্বাচনের ভীত দুর্বল করতে এই হামলা করা হয়েছে।
তবে তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন ঘোষিত সময়েই হবে।আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, সরকার জনগণকে সাথে নিয়ে নির্বাচনের মাধ্যমে এ ধরনের হীন, কাপুরোষিত ও চক্রান্তমূলক আক্রমণের সঠিক জবাব দেবে।
তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় আছে। তিনি বলেন, সমন্বয়হীনতা না থাকলে পরিস্থিতি আরো খারাপ হতো।তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বিকৃত তথ্যের মাধ্যমে যেন কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।তিনি জুলাই আন্দোলনের সময় গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন,গণমাধ্যম গণতন্ত্রের চর্চায় সব সময় বলিষ্ঠ ভূমিকা রেখেছে।
কিন্তু জুলাই আন্দোলনের সময় সেটার ব্যত্যয় ঘটেছে। তারা সঠিক তথ্য প্রচার করেনি, পারেনি বা করতে দেয়া হয়নি।”তিনি আরও বলেন, “তথ্য বিকৃত নয়। গণমাধ্যমকে শক্তিশালী, গণমুখী হিসেবে দেখতে চাই। তথ্যের যেন খণ্ডিত বা বিকৃত উপস্থাপন না হয় সেটা দেখতে চাই।”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন