ডিসেম্বর ১৫, ২০২৫, ০৭:৫৫ পিএম
নির্ধারিত ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম চালুর তারিখ পিছিয়েছে। ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১ জানুয়ারি থেকে এনইআইআর কার্যকর হবে বলে জানিয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিটিআরসি’র জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।বিটিআরসি জানিয়েছে, এনইআইআর সিস্টেম চালুর প্রেক্ষাপটে, দেশের সব মোবাইল ফোন ব্যবসায়ী কর্তৃক ইতোপূর্বে আমদানি করা।
মোবাইল হ্যান্ডসেটসমূহের মধ্যে অবিক্রীত/স্থিত সব মোবাইল হ্যান্ডসেটসমূহের এনইআইআর ও সংশ্লিষ্ট তথ্যাদি সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় প্রদান করা হয়েছিল।
তবে, লক্ষ্য করা যাচ্ছে, অনেক মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী অদ্যাবধি তাদের অবিক্রীত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহের তথ্য কমিশনে দাখিল করতে পারেননি। যেসব ব্যবসায়ী এখনো তথ্য দাখিল করতে পারেননি, তাদের সুবিধার্থেই এনইআইআর সিস্টেম চালুর বিষয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অবিক্রীত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহ নেটওয়ার্কে আত্তীকরণের সুবিধার্থে তথ্য দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।সংশ্লিষ্ট সব মোবাইল ফোন ব্যবসায়ীকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাট অনুযায়ী আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্যাদি [email protected] ই-মেইল ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন