ডিসেম্বর ১৫, ২০২৫, ০৮:৪৪ পিএম
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জনগণের প্রকৃত ক্ষমতায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া এবং গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে।
তা যেকোনো মূল্যে রক্ষার শপথ নেওয়ার দিন।১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে প্রধান উপদেষ্টা আজ সোমবার এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন, যেদিন ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে আমরা কাঙ্ক্ষিত বিজয়ের স্বাদ পাই।
তিনি গভীর শ্রদ্ধায় মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই সংগ্রামে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ করেন।তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল, বিগত বছরগুলোতে তা বারবার স্বৈরাচার আর অপশাসনে ম্লান হয়েছে। তবে, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি।প্রফেসর মুহাম্মদ ইউনূস জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশের শক্তিশালী ভিত গড়ে তুলতে যে বিস্তৃত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে।
দেশের আপামর জনগণের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে সেই কর্মযজ্ঞের সফল পরিসমাপ্তির পথে এগিয়ে যাওয়া হচ্ছে।তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে আগামীর বাংলাদেশে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা সমূলে উৎপাটিত হয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে, রাষ্ট্রের সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির পাশাপাশি নিশ্চিত হবে জনমুখী ও টেকসই উন্নয়ন।প্রধান উপদেষ্টা ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান:আসুন, বহু কষ্টে অর্জিত স্বাধীনতাকে পূর্ণতা দিতে নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। সকলে মিলে হাতে হাত রেখে এগিয়ে যাই শান্তি এবং সমৃদ্ধির পথে।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন