সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে : আসিফ নজরুল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ০১:৫৬ পিএম

বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে : আসিফ নজরুল

বিদেশ গমনের যাবতীয় কার্যক্রম ডিজিটালাইজেশন করার কারণে দুর্নীতি, হয়রানি ও ভোগান্তি অনেক কমেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আগে প্রবাসীদের কাছ থেকে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হতো। এটি বন্ধ করতে আইওএম ও আইএলও-র সহায়তায় ‘ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ নামে একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে।

এটি বিদেশে যাওয়ার সমস্ত প্রক্রিয়াকে ১০০ শতাংশ ডিজিটালাইজড করেছে, ফলে দুর্নীতির সুযোগ কমে গেছে।আসিফ নজরুল জানান, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। এমনকি ভারত বা পাকিস্তানের সঙ্গেও সৌদি আরবের এমন চুক্তি নেই।মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসা নিশ্চিত করা হয়েছে, যা আগে ছিল না।বিতর্কিত সিন্ডিকেট সম্পূর্ণ ডিলিস্টিং করা হয়েছে এবং অবৈধ মুনাফা নেওয়া বন্ধের চেষ্টা চলছে।

উপদেষ্টা উল্লেখ করেন, যারা ভোটের জন্য নিবন্ধন করেছেন, তারা এবার প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ ভিআইপি সেবা ও রুটিন কাজের বাইরে নতুন কিছু পদক্ষেপ নেওয়ার ফলে প্রবাসীদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে।তিনি আরও বলেন, পরবর্তী সরকার যদি দেশপ্রেম ও কৃতজ্ঞতাবোধ বজায় রাখে, তবে প্রবাসীদের কল্যাণে শুরু করা এই কাজগুলো আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।