সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রধান উপদেষ্টার প্রেস উইং

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:০৩ পিএম

শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রধান উপদেষ্টার প্রেস উইং

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা শরিফ ওসমান হাদিকে দেখতে হাসপাতালে যান।

পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন। ফোনালাপে তিনি হাদির বর্তমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং জানান যে, হাদির অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।

হাদির শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং ইনকিলাব মঞ্চের এই মুখপাত্রের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে বিশেষ দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় থাকাকালীন মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে মাথায় গুলি চালায়।

আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানকার একটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।