ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:১৯ এএম
সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের জামিন পাওয়া নিয়ে সৃষ্ট বিতর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিস্তারিত স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি বিচার বিভাগের স্বাধীনতা ও সাম্প্রতিক কিছু ‘অস্বাভাবিক’ জামিন নিয়ে নিজের উদ্বেগের কথা জানান।
আসিফ নজরুল বলেন, "আমাদের প্রিয় ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করেছে ফয়সাল করিম মাসুদ নামের এক ছাত্রলীগ সন্ত্রাসী। তাকে র্যাব গ্রেপ্তার করেছিল গত বছর। এরপর তার জামিন হয়েছে হাইকোর্ট থেকে।" তিনি স্পষ্ট করে বলেন যে, হাইকোর্ট একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং এর বিচারিক কাজে আইন মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ নেই। কাজেই এই জামিনের সাথে মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক ছিল না।
জামিন বাণিজ্যের অভিযোগ ও প্রভাব: আইন উপদেষ্টা উল্লেখ করেন, অস্ত্র মামলায় হাইকোর্ট থেকে জামিন হওয়া সহজ নয়। তিনি অভিযোগ করেন, প্রভাবশালী আইনজীবীরা—যাঁদের অধিকাংশ বড় রাজনৈতিক দলের নেতা—তাঁদের প্রভাবে এসব জামিন সহজতর হয়। তিনি এর আগে একটি বেঞ্চ থেকে মাত্র ৪ ঘণ্টায় ৮০০ মামলায় জামিন হওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যার ফলে একশ্রেণির আইনজীবী তাঁর পদত্যাগও দাবি করেছিলেন।
নিম্ন আদালতের সীমাবদ্ধতা: আসিফ নজরুল জানান, গত ১৬ মাসে নিম্ন আদালত থেকেও কিছু জামিন হয়েছে। মামলার কাগজপত্র পরীক্ষা করে দেখা গেছে, অনেক ক্ষেত্রে পুলিশ অভিযোগপত্রে আসামির অপরাধে সংশ্লিষ্টতা বা দলীয় পরিচয়ের কোনো তথ্যই উল্লেখ করেনি। তিনি যথাযথ বিচারিক বিবেচনা ছাড়া ‘যেরূপ-সেরূপ’ জামিন না দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।
হুঁশিয়ারি: জামিন বাণিজ্যে লিপ্তদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে আসিফ নজরুল বলেন, "জামিন বাণিজ্যে যারা লিপ্ত আছেন, তাদের বলছি এবার থামুন। আমাদের ছেলেদের জীবন বিপন্ন করার মতো সিদ্ধান্ত দেবেন না। এক গণহত্যাকারী পাশের দেশে বসে আমাদের জুলাই বীরদের হত্যা করার হুমকি দিচ্ছে। বিচারিক বিবেচনার বাইরে গিয়ে জামিন দিয়ে সেই গণহত্যাকারীর অনুসারীদের এই সুযোগ করে দেবেন না। না হলে, পরকালেও এর দায় আপনাদের নিতে হবে।"
তিনি আরও জানান, উচ্চ আদালতে অস্বাভাবিক জামিন নিয়ে তিনি ইতোমধ্যেই প্রধান বিচারপতির কাছে তার উদ্বেগের কথা জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন