ডিসেম্বর ১৯, ২০২৫, ০৪:৪২ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর মরদেহ বহনকারী বিমানটি অবতরণের কথা রয়েছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি এবং জনসমাগমের সম্ভাবনা বিবেচনা করে বিমানবন্দর এলাকায় তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।বিমানবন্দরের ভেতরে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) পাশাপাশি বিমান বাহিনীর কুইক রেসপন্স ফোর্স মোতায়েন থাকবে।
বিমানবন্দরের বাইরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পাশাপাশি বড় সংখ্যায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশের অপারেশন কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড, সিআরটি (কুইক রেসপন্স টিম) এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা কাজ করছেন।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ জানিয়েছেন, নিরাপত্তা ব্যারিকেড ভেঙে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ না করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলেও বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরে দেশজুড়ে শোক ও উত্তেজনার সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে হাদির মরদেহ সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হবে এবং আগামীকাল শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন