সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৫, ১০:৩৪ এএম

হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক শরিফ ওসমান হাদির শাহাদাত বরণে আজ শনিবার (২০ ডিসেম্বর) দেশজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এই বীর যোদ্ধার প্রতি সম্মান জানিয়ে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন।

ভাষণের শুরুতে তিনি হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, হাদির এই অকাল প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক অপূরণীয় ক্ষতি। ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার বিষয়েও তিনি সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

রাষ্ট্রীয় শোকের এই দিনে শহীদ হাদির শেষ বিদায়ের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে:আজ শনিবার জোহরের নামাজের পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে (সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন) তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান শরিফ ওসমান হাদি।

উন্নত চিকিৎসার জন্য সরকারি ব্যবস্থাপনায় তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলেও গত বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁর মরদেহ দেশে পৌঁছালে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।আজকের এই রাষ্ট্রীয় শোক পালনের মাধ্যমে সরকার হাদির ত্যাগ ও অবদানকে জাতীয়ভাবে স্বীকৃতি দিল। রাজধানীর রাজপথ থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সকল স্তরের মানুষ আজ কালো ব্যাজ ধারণ করে এবং বিশেষ দোয়ার মাধ্যমে প্রিয় এই নেতাকে স্মরণ করছে।