ডিসেম্বর ২১, ২০২৫, ১২:২১ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আজ রোববার ২১ ডিসেম্বর ২০২৫ সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
দুপুর ১২টার দিকে তিন বাহিনীর প্রধানরা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পৌঁছালে তাদের স্বাগত জানানো হয়।
ইসি সূত্রে জানা গেছে, শুরুতে তিন বাহিনীর প্রধানরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে মূলত নির্বাচনের প্রাথমিক নিরাপত্তা পরিকল্পনা ও বাহিনীর প্রস্তুতির বিষয়ে অনানুষ্ঠানিক মতবিনিময় হয়েছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ দুপুর আড়াইটায় ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক আন্তঃবাহিনী সভা শুরু হওয়ার কথা রয়েছে। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সভায় চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত থাকবেন। সভার মূল আলোচ্যসূচিতে রয়েছে নির্বাচনের আগের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে যৌথ বাহিনীর তৎপরতা এবং নির্বাচনি আচরণবিধি ২০২৫ অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। এছাড়া দুর্গম ও সীমান্ত এলাকাগুলোতে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে তিন বাহিনীর বিশেষ ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সভার সিদ্ধান্ত ও আলোচনার সারসংক্ষেপ গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন যে কর্মপরিকল্পনা নিয়েছে, তাতে সশস্ত্র বাহিনীর মোতায়েন ও বিচারিক ক্ষমতা প্রদানের বিষয়টি অন্যতম প্রধান ইস্যু হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনকে ঘিরে যে কোনো ধরণের নাশকতা বা বিশৃঙ্খলা কঠোরভাবে দমনের জন্য সামরিক বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আজকের এই সমন্বিত সভার মাধ্যমেই নির্বাচনের চূড়ান্ত নিরাপত্তা ছক তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন