ডিসেম্বর ২৮, ২০২৫, ১০:৪০ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানিয়েছেন যে আগামী ৭ জানুয়ারির মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের চার্জশিট আদালতে দাখিল করা হবে।
শনিবার রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে সশরীরে উপস্থিত হয়ে তিনি আন্দোলনকারীদের এই নিশ্চয়তা দেন। উপদেষ্টা স্পষ্ট করেন যে অন্তর্বর্তী সরকার থাকাকালীনই এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৈয়দা রিজওয়ানা হাসান আন্দোলনকারীদের উদ্দেশে বলেন যে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে হাদির হত্যাকারী এবং এর পেছনে থাকা মূল হোতাদের চিহ্নিত করতে কাজ করছে।
তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন আমরা এমন কোনো তথ্য আগাম দেব না যা শত্রুপক্ষকে শক্তিশালী করে। তিনি আরও মনে করিয়ে দেন যে অতীতে আছিয়া হত্যার বিচার মাত্র ৬ কার্যদিবসে সম্পন্ন হয়েছিল। ফলে হাদি হত্যার চার্জশিট নির্ভুল ও নিখুঁতভাবে দিতে পারলে ৭ জানুয়ারির পর খুব দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে। সরকার এই মামলাটিকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করছে।অপরাধীদের গ্রেফতারের বিষয়ে উপদেষ্টা জানান যে কিছু অপরাধী যদি দেশ ছেড়ে পালিয়েও যায় তবে তাদের অনুপস্থিতিতে বা ‘ইন অ্যাবসেন্সিয়া’ বিচার করার বিধান রয়েছে।
যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং ভারতে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে তাদের ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে জোরদার কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে। ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে হত্যাকারীদের তাদের দেশে খুঁজে পাওয়া গেলে তারা বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা করবে। তদন্তের আরও বিস্তারিত তথ্য জানাতে আজ সকালে ডিবি পুলিশ সংবাদ সম্মেলন করবে বলেও তিনি উল্লেখ করেন। উপদেষ্টার এই বক্তব্যের পর ইনকিলাব মঞ্চ তাদের রাতের কর্মসূচি স্থগিত করে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন