বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হচ্ছে কি না, যা জানালেন তথ্য উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ০১:১৩ পিএম

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হচ্ছে কি না, যা জানালেন তথ্য উপদেষ্টা

আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বহিষ্কারের সিদ্ধান্তের বিপরীতে শক্ত অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ রোববার (৪ জানুয়ারি) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা জানান।

তবে এখনই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তিনি স্পষ্ট করেছেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। এই সিদ্ধান্তের পেছনে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কী আইনি ভিত্তি রয়েছে, তা আমরা খতিয়ে দেখছি।

যে যুক্তিতে তাঁকে মানা করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, সরকার বর্তমানে বিষয়টির আইনগত ভিত্তি ও প্রক্রিয়া যাচাই-বাছাই করছে এবং এরপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সম্ভাবনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এমন পরিস্থিতিতে আমাদেরও একটি অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনি ভিত্তি পর্যালোচনা করছি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তিনি স্পষ্ট করেন যে, খেলার কোনো যুক্তিতে বাদ দেওয়া হলে সেটি ভিন্ন বিষয় ছিল, কিন্তু বর্তমান যুক্তিটি প্রশ্নবিদ্ধ।

একই সভায় গণমাধ্যম সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে তথ্য উপদেষ্টা জানান, দীর্ঘ প্রতীক্ষিত ‘সম্প্রচার নীতিমালা অধ্যাদেশ’ আগামী এক মাসের মধ্যেই পাস হতে যাচ্ছে। বর্তমান সরকারের মেয়াদেই এই আইনি কাঠামো চূড়ান্ত করে কার্যকর করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মোস্তাফিজ ইস্যুতে আইন উপদেষ্টার সঙ্গেও পরামর্শ করা হচ্ছে বলে জানান তিনি।