বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

২০২৫ সালে ৬৭২৯ সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৯ হাজারের বেশি প্রাণ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ০২:৫১ পিএম

২০২৫ সালে ৬৭২৯ সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৯ হাজারের বেশি প্রাণ

সদ্য বিদায়ী ২০২৫ সালে দেশের সড়কপথ রক্তক্ষয়ী অভিজ্ঞতার মধ্য দিয়ে পার হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে সারা দেশে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন নিহত এবং ১৪ হাজার ৮১২ জন আহত হয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরেন।

প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দুর্ঘটনা ৬.৯৪ শতাংশ এবং প্রাণহানি ৫.৭৯ শতাংশ বেড়েছে। সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে মোটরসাইকেল দুর্ঘটনার ক্ষেত্রে।

মোট দুর্ঘটনার ৩৭.০৪ শতাংশ বা ২ হাজার ৪৯৩টি ছিল মোটরসাইকেল সংক্রান্ত, যাতে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৯৮৩ জন। যাত্রী কল্যাণ সমিতির মতে, এসব দুর্ঘটনায় বছরে আর্থিক ক্ষতির পরিমাণ ৬০ হাজার কোটি টাকারও বেশি।পরিবহন ভিত্তিক দুর্ঘটনার হার: দুর্ঘটনায় পতিত যানবাহনের ধরন বিশ্লেষণে দেখা গেছে:

মোটরসাইকেল: ২৮.৪৮%

ট্রাক-পিকআপ-লরি: ২২.৬০%

বাস: ১৪.৪৯%

ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক: ১৩.৫৪%

সিএনজি অটোরিকশা: ৬.৬৩%

রেল ও নৌ-পথের চিত্র: সড়কপথের পাশাপাশি রেল ও নৌ-পথেও প্রাণহানি থেমে নেই। বিদায়ী বছরে ৫১৩টি রেল দুর্ঘটনায় ৪৮৫ জন এবং ১২৭টি নৌ-দুর্ঘটনায় ১৫৮ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌ-পথ মিলিয়ে সর্বমোট দুর্ঘটনা ঘটেছে ৭ হাজার ৩৬৯টি, যেখানে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৭৫৪ জন।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, "জাতীয় মহাসড়কে ছোট যানবাহনের অবাধ চলাচল এবং বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা বাড়ছে।" তিনি আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রতি তাদের নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়কের অঙ্গীকার যুক্ত করার দাবি জানান। প্রতিবেদন অনুযায়ী, মোট দুর্ঘটনার ৩৮.২২ শতাংশ জাতীয় মহাসড়কে এবং ২৭.১৩ শতাংশ আঞ্চলিক মহাসড়কে সংঘটিত হয়েছে।