জানুয়ারি ৫, ২০২৬, ১১:৫৪ এএম
আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়ে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই জোড়া তপশিলের বৈধতা চ্যালেঞ্জ করে এবং এর কার্যকারিতা স্থগিত চেয়ে সোমবার (৫ জানুয়ারি) উচ্চ আদালতে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ তাঁর আবেদনের স্বপক্ষে বলেন,বর্তমান সংবিধানের কোথাও অন্তর্বর্তী সরকারের কোনো উল্লেখ বা আইনি ভিত্তি নেই।
যেহেতু সংবিধান অনুযায়ী এই সরকারের অস্তিত্ব নেই, তাই তাদের অধীনে কোনো নির্বাচন বা গণভোট আয়োজন করা আইনসিদ্ধ হতে পারে না।রিটে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের বিজ্ঞপ্তি বা গেজেটের কার্যকারিতা স্থগিত করার আবেদন জানানো হয়েছে।রিট দায়েরের দিনেই প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের জানিয়েছেন যে, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক। তিনি বলেন, সবার সহযোগিতা থাকলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব।
নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সারা দেশে সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পাশাপাশি সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জনগণের রায় নিতে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজকের এই রিট আবেদনের ফলে নির্বাচনের নির্ধারিত সময়সূচি নিয়ে নতুন করে ধোঁয়াশা ও আইনি জটিলতা তৈরি হলো কি না, তা নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে।হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে চলতি সপ্তাহে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন