জানুয়ারি ৮, ২০২৬, ০৪:০২ পিএম
বর্তমান প্রশাসনিক কাঠামো ও জনবল দিয়েই দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রশাসনের সক্ষমতা ও আসন্ন নির্বাচন নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন।
তিনি জানান মাঠ প্রশাসনের কর্মকর্তাদের ওপর সরকারের আস্থা রয়েছে এবং তারা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম। তবে কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ও যথাযথ অভিযোগ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
নির্বাচনকালীন মাঠ প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন বর্তমানে জেলা প্রশাসকরাই রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনী উত্তাপের কারণে কোথাও কোথাও রাজনৈতিক প্রতিপক্ষরা ডিসিদের কর্মকাণ্ডে সংক্ষুব্ধ হতে পারেন যা স্বাভাবিক। তবে এ ধরনের ক্ষেত্রে আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি মূলত নির্বাচন কমিশন বিবেচনা করবে। কমিশন যদি কোনো ডিসির বিষয়ে সরকারকে জানায় বা ব্যবস্থা নিতে বলে তবে সরকার অবশ্যই তা কার্যকর করবে।ড. শেখ আব্দুর রশীদ আরও উল্লেখ করেন যে বর্তমান যুগ তথ্যপ্রবাহের যুগ এবং মানুষের সংক্ষুব্ধ হওয়ার সুযোগ বেশি থাকে।
মাঠ প্রশাসন বা অন্য কোনো পর্যায়ে যদি কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হয় তবে সরকার তা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবে। প্রশাসনের কর্মকর্তাদের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন অভিজ্ঞতা তো কেউ জন্মগতভাবে নিয়ে আসে না বরং কাজের মাধ্যমেই তা তৈরি হয়। কর্মকর্তারা যদি সঠিক পথে চলেন এবং তাদের মনোভাব ইতিবাচক থাকে তবে তারা নির্বাচনে শতভাগ সফল হবেন। কর্মকর্তাদের কোনো বিচ্যুতি দেখলে ঢালাও ব্যবস্থা না নিয়ে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নীতিতে অটল থাকবে সরকার। সামগ্রিকভাবে মাঠ প্রশাসন নির্বাচনের জন্য যোগ্য ও প্রস্তুত আছে বলেই মনে করেন মন্ত্রিপরিষদ সচিব।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন