শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

সুষ্ঠু নির্বাচন হলে যেই ক্ষমতায় আসুক, অভিনন্দন জানাবে জামায়াত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৫, ১০:৩৬ পিএম

সুষ্ঠু নির্বাচন হলে যেই ক্ষমতায় আসুক, অভিনন্দন জানাবে জামায়াত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে যদি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে সেই নির্বাচনে যেই ক্ষমতায় আসুক না কেন, জামায়াতে ইসলামী তাকে অভিনন্দন জানাবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

জামায়াত আমির তার বক্তব্যে দেশের নির্বাচন নিয়ে বিগত স্বৈরাচারী সরকারের সমালোচনা করে বলেন, সেই আমলে অনুষ্ঠিত তিনটি নির্বাচনে দেশের মানুষ ঠিকমতো অংশগ্রহণ করতে পারেনি। তিনি বলেন, জামায়াতে ইসলামী যেনতেন নির্বাচন চায় না, তারা একটি সুষ্ঠু নির্বাচন চায়।

তিনি স্পষ্ট করে জানান, তার দল গায়ের জোর খাটানোর বা কালো টাকার প্রভাব খাটানোর কোনো চেষ্টা করে না। তিনি বলেন, "আমাদের এসবের প্র্যাকটিসও নাই।

আমাদের ওপর আস্থা না রাখলে টাকা দিয়ে ভোট কিনে ব্যালট ভরাতে চাই না। আমাদের অন্ধ সমর্থন দরকার নাই।"ডা. শফিকুর রহমান জামায়াতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেবে। তিনি বলেন, কেউ যদি চোখ, মুখ না ঢাকেন, জামায়াত কাউকে বাধ্য করবে না। অর্থাৎ, নারীর পোশাকের ক্ষেত্রে স্বাধীনতা ও নিরাপত্তা দুটিকেই জামায়াত প্রাধান্য দেবে।

এসময় তিনি অভিযোগ করে বলেন, দেশের রাজনীতিতে এখনও সংস্কার হয়নি। কেউ না কেউ কোনো না কোনো সংস্কারের পথে বাধা দিয়েছে। তিনি বলেন, কিছু পক্ষ শুধু নির্বাচন চায়, কিন্তু তারা সুষ্ঠু নির্বাচন চায় না, যা দেশের গণতান্ত্রিক অগ্রগতির পথে অন্তরায়। ডা. শফিকুর রহমান এই সমাবেশ থেকে নারী-পুরুষ সকলকে একসাথে দেশ গড়ার কাজে অংশগ্রহণের আহ্বান জানান।