বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

অন্তর্বর্তী সরকারও ‘আটকে’ থাকতে চায় ১৯২৩ সালে

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ১১:২৫ এএম

অন্তর্বর্তী সরকারও ‘আটকে’ থাকতে চায় ১৯২৩ সালে

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ১৯২৩ সালে প্রণীত বিতর্কিত ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’ অনুসরণ করে রাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর’ তথ্য গোপন রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে তথ্য ফাঁসে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, ইদানীং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার স্পর্শকাতর ও গোপনীয় তথ্য গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, যা ১৯২৩ সালের আইনের পরিপন্থি।

এ ধরনের তথ্য প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে দাবি করেছে মন্ত্রণালয়। তাই তথ্য ফাঁস বন্ধে কঠোর মনিটরিং করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব।

অবাধ তথ্যপ্রবাহের এই সময়ে এসে ১০০ বছরেরও বেশি পুরোনো একটি ‘কালাকানুন’ দিয়ে তথ্য নিয়ন্ত্রণের চেষ্টা নিয়ে খোদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যেই বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন, এ ধরনের কঠোর অবস্থান স্বাধীন সাংবাদিকতা ও সাধারণ মানুষের তথ্য পাওয়ার অধিকারকে বাধাগ্রস্ত করবে। এক ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, গণমাধ্যমের অনেক প্রতিবেদন বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সহায়তা করে। একে ‘ভয়ের সংস্কৃতি’ তৈরির চেষ্টা হিসেবে দেখছেন তারা।বিশ্লেষকরা বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বর্ণিত ‘বাক ও ভাবপ্রকাশের স্বাধীনতা’র সাথে সরাসরি সাংঘর্ষিক।

এমনকি জনপ্রশাসন সংস্কার কমিশন যেখানে সরকারি তথ্য উন্মুক্ত করার (Open Information Policy) সুপারিশ করেছে, সেখানে এই আদেশ পুরোপুরি বিপরীতমুখী। আইন বিশেষজ্ঞদের মতে, ২০০৯ সালে ‘তথ্য অধিকার আইন’ পাস হওয়ার পর ব্রিটিশ আমলের এই গোপনীয়তা আইনের নৈতিক ও আইনগত কার্যকারিতা অনেকাংশেই লুপ্ত হয়েছে।সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ জানান, ব্রিটিশরা তাদের উপনিবেশ টিকিয়ে রাখার জন্য এই আইন করেছিল। কিন্তু স্বাধীন দেশে যেখানে তথ্যের অবাধ প্রবাহ মানুষের অধিকার, সেখানে এই আইনের প্রয়োগ সংবিধান ও তথ্য অধিকার আইনের সাথে সাংঘর্ষিক।

ব্রিটিশ আমলের এই আইনের ছায়ায় তথ্য গোপনের এই সংস্কৃতি অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতা ও জবাবদিহির প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।