রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিলেন

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৬, ০২:২৪ পিএম

৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিলেন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ইতিহাসে এক নতুন রেকর্ড সৃষ্টি করে ১০৪তম রিক্রুট ব্যাচের ৩ হাজার ২৩ জন নবীন সদস্য আজ দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার শপথ গ্রহণ করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) ঐতিহ্যবাহী ‘বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে’ বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে তারা এই শপথ নেন। 

এবারের ব্যাচে পুরুষ ২ হাজার ৯৫০ জন এবং মহিলা ৭৩ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি নবীন সৈনিকদের কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজ শেষে দেওয়া বক্তব্যে তিনি দেশের সীমান্ত রক্ষায় বিজিবির সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।

 অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।১০৪তম রিক্রুট ব্যাচে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখা সৈনিকদের পুরস্কৃত করা হয়েছে। সকল বিষয়ে সেরা রিক্রুট হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন আল ইমরান। এছাড়া শারীরিক উৎকর্ষতায় শপিকুল ইসলাম ও লুবনা খাতুন এবং শ্রেষ্ঠ ফায়ারার হিসেবে শফিকুর রহমান তামিম ও নাহিদা আক্তার বিশেষ সম্মাননা লাভ করেন। উল্লেখ্য যে বিজিটিসিএন্ডসি’র নিয়মিত প্রশিক্ষণ সক্ষমতা ৭০০ থেকে ১ হাজার জন হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ নির্দেশনায় অবকাঠামোগত উন্নয়ন ঘটিয়ে একসাথে তিন হাজারের বেশি সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে বিগত ৪৪ বছর ধরে এই প্রতিষ্ঠানটি দক্ষ সীমান্ত রক্ষী বাহিনী তৈরিতে কাজ করে যাচ্ছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ৭২টি ব্যাচ এখান থেকে সফলভাবে প্রশিক্ষণ শেষ করেছে। তবে একসাথে এত বিপুল সংখ্যক রিক্রুটকে প্রশিক্ষণ প্রদান স্বাধীনতাত্তোর বাংলাদেশে একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। নবীন এই সদস্যরা এখন থেকে দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান রোধে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছে বিজিবি কর্তৃপক্ষ।